আমি যদি হতাম নেতা
থাকতো হাতে দেশের গদি,
শান্তি সুখে ভাসত মানুষ
বইতো দেশে ক্ষীরের নদী।
আসত না আর বন্যা বাদল
বৃষ্টি হতো সঠিক মাপে,
বন্ধ হতো খুনখারাবি
সন্ত্রাসীরা থাকত চাপে।
রাস্তাঘাটে থাকত না জ্যাম
উড়ত গাড়ি আকাশ দিয়ে,
ঝড়ের বেগে চলত মানুষ
বউ পোলাপান সঙ্গে নিয়ে।
আমড়া গাছে ধরত কাঁঠাল
জাম হতো সব কুমড়ো গাছে,
বাড়ির উঠোন থাকত ভরে
পাবদা, পুঁটি, বোয়াল মাছে।
গোয়াল ভরা থাকত গরু
বস্তা ভরা থাকত চালে।
হাজার টাকার নোটগুলি সব
ঝুলত শুধু গাছের ডালে।
মাংস হতো এক টাকা সের
মুরগি যেত মাগনা পাওয়া,
হোটেলগুলোয় দশ টাকাতে
একশ জনের হইত খাওয়া।
কিন্তু মানুষ বুঝল না তো
কেমন আমি যোগ্য ছেলে,
খেল দেখাতাম তেলেসমাতি
একটুখানি সুযোগ পেলে।
বাগরাকসা, শেরপুর।
