বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চাকরিচ্যুত সাত অধ্যাপককে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট। ২০০৯ সালের সেপ্টেম্বরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এই সাত অধ্যাপককে চাকরিচ্যুত করা হলে তারা হাইকোর্টে এর বিরুদ্ধে রিট করেন। সম্প্রতি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব-এর সমন্বয়ে গঠিত বেঞ্জ রিটের নিষ্পত্তি করে এ আদেশ দেন।
বিএসএমএমইউ’র ওরাল ও ম্যক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান ও ডেনটিসট্রি অনুষদের ডিন পদে অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লাকে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অপর ছয়জন হচ্ছেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল আলম খান, এন্ড্রোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. নাসিম আখতার চৌধুরী, গাইনি বিভাগের অধ্যাপক ডা. সায়েবা আখতার, কিডনি বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরী ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরীফ হাসান।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ বিষয়ে বলেন, হাইকোর্টের এ আদেশের কপি এখনো আমরা পাইনি। উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে বলে তিনি জানান।
