ফরিদপুরে ছয় জনকে দেয়া হল গৌতম স্মৃতি সম্মাননা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ফরিদপুরের সাংবাদিক গৌতম দাসের স্মরণে ফরিদপুরে গৌতম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। ছয়জন বিশিষ্ট গুণী ব্যক্তিকে প্রথমবারের মতো এই সম্মাননা দিয়েছে সাংবাদিক গৌতম স্মৃতি সংসদ। শুক্রবার সন্ধ্যায় এই সম্মাননা দেয়া হয়। সাংবাদিক গৌতম দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান ছিলেন। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার প্রকাশক এ.কে. আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিনা মাসুদুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু। ৬টি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জনকে এ সন্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন নূর মো. ক্যাপ্টেন বাবুল (মুক্তিযুদ্ধ), আরজু করিম (নারী আন্দোলন), বাউল আব্দুর রহমান (লোকসংস্কৃতি), এনায়েত হোসেন (সাহিত্য), করুণাময় অধিকারী (সংগীত) ও জগদীশ চন্দ্র ঘোষ (সাংবাদিকতা)। অনুষ্ঠানে ছয় গুণীর হাতে সম্মননা ক্রেস্ট, সম্মননা পত্র ও নগদ ২৫ হাজার করে টাকা তুলে দেয়া হয়।