শনিবার অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৭টি পদে সরকার সমর্থিতরা এবং সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা বিজয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে ১৭টি পদে মহাজোট সমর্থিতরা শাহাবউদ্দিন আহমদ-মোহাম্মদ তারেক এবং বিএনপি-জামায়াত সমর্থিত আবুল কালাম ছিদ্দিকী-মো. সিরাজুল ইসলাম প্যানেলে লড়াই হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র ১৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবউদ্দিন আহমদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত মোহাম্মদ তারেককে ১০৪ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে চমক দেখান বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম (টুপি সিরাজ)।
সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকের ৪টি পদ ২ প্যানেলে সমান ভাগাভাগি হয়েছে। সহ-সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত সব্বির আহমদ ও মহাজোট সমর্থিত সেলিম নেওয়াজ বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিএনপি-জামায়াত সমর্থিত নাজিমউদ্দিন বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে বিএনপি-জামায়াত সমর্থিত নূর আহমদ এবং মহাজোট সমর্থিত আবদুর রহিম সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে আবদুর রহিমকে বিজয়ী ঘোষণা করা হয়। পাঠাগার সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত মনজুরুল ইসলাম এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহাদত্ হোসাইন নির্বাচিত হন।
