প্রণব আসছেন ৩ মার্চ

সফরের প্রস্তুতি শুরু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তিনদিনের সফরে আগামী ৩ মার্চ ঢাকা আসছেন প্রণব মুখার্জী। তার তিনদিনের কর্মসূচি অভ্যন্তরীণ চলাচলসহ সবকিছু নিয়ে এখন আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভারতীয় রাষ্ট্রপতির সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। চীফ অব প্রটোকলের অফিসে এ বৈঠকে যোগ দেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও ডেপুটি হাইকমিশনার সদ্বীপ চক্রবর্তী। বৈঠকে সফরকালীন সময়ে নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সূত্র জানায়, প্রাথমিক সফরসূচি অনুযায়ী প্রণব মুখার্জী ৩ মার্চ দুপুরে নয়াদিল্লী থেকে একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান তাকে স্বাগত জানাবেন। বিমান বন্দরে ভারতীয় রাষ্ট্রপতি লাল গালিচা সম্বর্ধনা ও গার্ড অব অনার দেয়া হবে। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রা নিয়ে প্রণব মুখার্জীকে হোটেল সোনারগাঁও এ নেয়া হবে। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল মুহিতও প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাত্ করতে পারেন। ৪ মার্চ সকালে প্রণব মুখার্জী যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে। সেখানে তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করা হবে। সন্ধ্যায় প্রণব মুখার্জী যাবেন বঙ্গভবনে। সেখানে তার হাতে তুলে দেয়া হবে মুক্তিযোদ্ধা সম্মাননা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ সম্মাননা তুলে দেবেন। এসময় প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ৫ মার্চ হেলিকপ্টারযোগে তিনি যাবেন নড়াইলে। পারিবারিক আবহে সেখানে পুরোদিন কাটাবেন প্রণব মুখার্জী। এছাড়া সফরকালে তিনি জাতীয় সংসদে গিয়ে বক্তব্য রাখতে পারেন। এই কর্মসূচিটি এখনো চূড়ান্ত হয়নি।