প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘রাজধানীতে পুলিশ ফাঁড়িতে জামায়াতের হামলা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, রাজধানীর পুরানো ঢাকার ইসলামপুরে শনিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক সংঘর্ষ ও গুলি বিনিময়ের কথিত সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত: শনিবার সন্ধ্যায় ঐ এলাকার স্থানীয় আলেম, ছাত্র ও সাধারণ মুসল্ল¬ীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের হামলা ও গুলি বর্ষণের ফলে মিছিলকারীরা ছত্রভংগ হয়ে যায়। এ ঘটনাকে পুলিশ ফাঁড়িতে জামায়াতে ইসলামীর হামলা হিসেবে চিত্রিত করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য প্রকাশিত রিপোর্টের তথ্য রিপোর্টারের নয়। হামলা চালানোর সময় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা এ তথ্য দিয়েছেন। এমনকি পুলিশ ঘটনাস্থল থেকে যে ১০১ জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে অনেকেই শিবির কর্মী রয়েছে। হামলার ঘটনায় কোতয়ালি থানায় এসআই এরশাদ হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় শিবির কর্মীদের গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, সাধারণ মুসল্লীদের আড়ালে ঐ মিছিলে মূলত জামায়াত-শিবির কর্মীরা অংশ নিয়েছিলেন।