যারা মসজিদে আগুন দেয় তারা এজিদের অনুসারী :বনমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে এবং ইসলামের মর্যাদা রক্ষার্থে আলেম সমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপপ্রচার চালিয়ে যারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে আগুন দিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করছে, হরতাল ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা এজিদের অনুসারী। গতকাল রবিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘মসজিদের পবিত্রতা রক্ষা, নবীপ্রেম এবং জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে ইমামদের করণীয়’ শীর্ষক মতবিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। কওমি মাদ্রাসা কমিশন গঠন করা হয়েছে। সরকার মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়াও পবিত্র কোরআন শরীফকে ডিজিটাল ভার্সনে প্রকাশ করেছে, যা পৃথিবীব্যাপী মানুষ শুনতে পারবে। বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আগুন লাগিয়ে যারা এর পবিত্রতা নষ্ট করে তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হতে পারে না। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনার জন্য সনদ পেয়েছে এবং এশিয়া মহাদেশে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনার জন্য প্রথম স্থান অধিকার করেছে। তিনি আরো বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এছাড়া আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।