পুত্রবধূর সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শাশুড়ি। নিহত লিলি বেগম (৫৫) সদর উপজেলার ইছাপুর নারাঙ্গালী গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের মুনসুর আলীর ছেলে সাইদুলকে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান জানান, আটক সাইদুল শনিবার রাতে তোফাজ্জেল হোসেনের ছোট ছেলে লিটনের ঘরে ঢুকে তার স্ত্রীর সম্ভ্রমহানির চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ চিত্কার দিলে তার শাশুড়ী লিলি বেগম এসে সাইদুলকে আটকের চেষ্টা করে। সাইদুল হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিলি বেগমকে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন দাসহ সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লিলি বেগমের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার সকালে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হূদরোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু
এদিকে গতকাল রবিবার ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি যশোরের মনিরামপুর উপজেলা শহরের মঈনুদ্দিনের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
