গত রবিবার রাতে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালে সম্মেলন স্থলের পাশ থেকে ৩ ছাত্রলীগ কর্মীকে চারটি পেট্রোল বোমা, দুইটি হাত বোমা, ১ রাউন্ড শর্টগানের গুলি ও চারটি রামদা এবং ছুরিসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফয়জুল মিয়া (২৫), আলমগীর হোসেন (২২) ও জয়নাল মিয়া (১৮)। সন্ধ্যায় শহরের মৌলভীপাড়াতে দোকানপাট ভাংচুর ও বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, মিলনায়তনের পাশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর নির্মাণাধীন বাসভবনের সামনে বিকট শব্দে দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে শহরের ইন্ডাস্ট্রিয়াল স্কুল চত্বর থেকে পুলিশ ৪টি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে।
