বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন চীন, অস্ট্রেলিয়া, ফ্রান্স কানাডা, সুইডেন ও ইইউ’র হাইকমিশনার-রাষ্ট্রদূতরা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কূটনীতিকও গতকাল সোমবার বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসায় বৈঠক করেন।
প্রথম বৈঠকটি হয় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে। এরপর বৈঠক করেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের হাইকমিশনার-রাষ্ট্রদূতরা। সবগুলো বৈঠকে বি. চৌধুরীর সঙ্গে ছিলেন বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সমশের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন ও এইচ এম গোলাম রেজা।
বৈঠক শেষে বেলা আড়াইটায় বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে সমশের মবিন চৌধুরী জানান, আমাদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে চীনের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। অবকাঠামো উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। বি. চৌধুরীর পৃষ্ঠপোষকতায় রাজধানীর বেসরকারি মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিত্সক এবং চীনের চিকিত্সক বিনিময় নিয়েও রাষ্ট্রদূত গভীর আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া চীনের রাষ্ট্রদূত মাহী বি. চৌধুরীর প্ল্যান-বি সম্পর্কেও বিস্তারিত জানতে চান। চীনের রাষ্ট্রদূত একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে তাদের কিছু বলার নেই। তিনি বলেন, আমরা তাদের কাছে বিকল্পধারার অবস্থান তুলে ধরেছি। যুক্তফ্রন্ট কয়েকদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বলেও জানান তিনি।
