ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটী কঠুরাকান্দী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘটনায় অত্র বিদ্যালয়ের সভাপতি, উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন ও কটুরাকান্দি গ্রামের জনসাধারণের মধ্যে গতকাল সোমবার সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়। জানা যায়, বিদ্যালয়ের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দীর্ঘদিন বর্তমান সভাপতি খান বেলায়েত হোসেন ও সাবেক সভাপতি সিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ঘটনার আগের দিন রাতে বর্তমান সভাপতির তৈরিকৃত সভা মঞ্চ কে বা কারা ভাংচুর করে এবং রাতে প্রধান শিক্ষকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। বিদ্যালয়ের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান গ্রুপের লোকজন বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করার জন্য ঘটনার দিন প্রবেশের চেষ্টা করলে সিরাজ গ্রুপের পক্ষে এলাকাবাসী বিদ্যালয়ের পিছনে সভা প্রতিহতের জন্য লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। প্রশাসন উভয় গ্রুপকে গোলযোগ এড়াতে মাঠে প্রবেশ করতে দেয়নি। মঞ্চ ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাসুল বাদি হয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলামকে প্রধান করে ৩৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
