নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে স্কুলভিত্তিক প্রচারাভিযান মার্চে শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরতেই আগামী মার্চ মাস থেকে ৩৫ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিসি) ও সাউথ এশিয়া অ্যালায়েন্স ফর পর্ভাটি ইরাডিকেশন (স্যাপি)। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপিসি ও স্যাপি’র নেতৃবৃন্দরা এ সব কথা জানান। তারা বলেছেন, ইতিমধ্যেই এই প্রচারাভিযানের অংশ হিসেবে ২০১০ সালে পরীক্ষামূলকভাবে ৬টি স্কুলে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন বছরে ২০০টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে তারা। দক্ষিণ এশিয়ার নারী অধিকার প্রচারাভিযানের আওতায় এ বছর প্রাথমিক ভাবে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত ও শ্রীলংকা স্যাপির সদস্য সংগঠনগুলো নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সমমজুরি, খাদ্য নিরাপত্তা ও শাস্তি স্থাপনে জেন্ডার প্রেক্ষিত নিয়ে প্রচারাভিযান শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপিসি’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, পরিচালক ওমর তারেক চৌধুরী, উপ-পরিচালক শাহনাজ সুমী, সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ। স্যাপির সদস্য আফরোজা বানু, আফরোজা হক রিনা, ডা. শওকত আরা হোসেন প্রমুখ।