আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ১২ দফা ঢাকা ঘোষণা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
বাণিজ্য, বিনিয়োগ, সহজ যোগাযোগ এবং জ্বালানি বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে ১২ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, চীন এবং মিয়ানমার (বিসিআইএম) ফোরামের ২ দিনের সম্মেলন রবিবার ঢাকায় শেষ হয়েছে। এই ঘোষণার সদস্য দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নে শুল্ক কমানো, অশুল্ক বাধা দূর করা, অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর মত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বক্তব্য রাখেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চীনের প্রতিনিধি প্রাদেশিক ভাইস গভর্নর শেন পিপাং , ভারতীয় প্রতিনিধি সাবেক সচিব এমবাসেডর এরিক গঞ্জালাভেস এবং ঢকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ ময়ু মোইন্ট থান । বিসিআইএম ফোরামের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে সিপিডি রাজধানীর ব্র্যাক ইনে এই সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ছাড়াও এতে বাকি তিন দেশের ৪৩ জন প্রতিনিধি অংশ নেন। বিসিআইএমের আগামী সম্মেলন মিয়ানমারে অনুষ্ঠিত হবে।