গাজীপুরে মহাসড়ক অবরোধ গাড়ি ভাংচুর গুলি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
গাজীপুরের মৌচাক এলাকায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় এক পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় এটিএস পোশাক কারখানার এক অজ্ঞাত নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায় আহত হয়। তার মৃত্যুর গুজব কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেশকিছু যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে প্রায় ২০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে। দুই ঘন্টা পর শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় রাস্তার উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।