সব স্তর থেকে দুর্নীতি দূর করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, সব স্তর থেকে দুর্নীতি দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক রাজনীতিকে সুসংহত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার বিকালে পিরোজপুর টাউন হল ময়দানে এক ‘শোকরানা সমাবেশে’ বক্তৃতাকালে এ আহ্বান জানান। গত ১৮ জানুয়ারি সুন্দরবনে জলদস্যুদের গুলিতে আহত হন জিয়াউদ্দিন আহমেদ। তিনি সুস্থ হওয়ায় এ শোকরানা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। জিয়াউদ্দিন তাঁর বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুন্দরবনে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাঁকে উদ্ধারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে এবং হাসপাতালে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে (মেজর জিয়া) চিরকৃতজ্ঞ করেছেন। এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ অনেকে তাঁকে দেখতে গিয়েছেন এবং দেশের আপামর মানুষ তাঁর জন্য দোয়া করেছেন। যার বদৌলতে তিনি আজ সুস্থ হয়ে উঠেছেন। জিয়াউদ্দিন বলেন, সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ ও গৌরব। সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এবং জলদস্যুদের দমন করতে হবে। জেলেসহ বনজীবীদের জীবিকার জন্য সুন্দরবন দক্ষিণাঞ্চলের মানুষের কাছে অতি আপন। বিশেষত প্রাকৃতিক দুর্যোগে দেশের লাখ লাখ মানুষের জীবন বাঁচায় এ সুন্দরবন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন্ন রাখার জন্য সর্বাত্মক ভূমিকা গ্রহণে তিনি অতীতের মত অঙ্গীকারাবদ্ধ। শোকরানা সমাবেশে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মুক্তিযোদ্ধাসহ আমজনতা যোগদান করেন। সমাবেশের মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, এ্যাডভোকেট চণ্ডীচরণ পাল, এ্যাডভোকেট এম এ মান্নান, ডাঃ হাবিবুর রহমান, প্রফেসর শেখ সাইদুর রহমান, পিরোজপুর ও দক্ষিণাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে এ শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।