দেশে অশান্তি ও বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক এক বিবৃতিতে বলেছেন, দেশে বিরাজমান নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতি, ব্যাপক হতাহতের ঘটনা, ভিন্নমত দলনের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতিপক্ষ করা এবং শহীদ মিনার ও জাতীয় পতাকার অবমাননার ঘটনা উদ্বেগজনক। ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশের শতকরা প্রায় ৯০ ভাগ মানুষের ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আহত করার অপপ্রয়াসও চালানো হয়েছে। প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরই তার নিজ ধর্ম, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার বাণীবাহকদের প্রতি গভীর বিশ্বাস, আবেগ ও ভালবাসা থাকে। এটি আঘাতপ্রাপ্ত হলে সংশ্লিষ্টদের মনে প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে অসম্মান করা অত্যন্ত গর্হিত কাজ। এর পেছনে দেশে অশান্তি ও বিভক্তি সৃষ্টির সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। বিবৃতিতে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘নৈরাজ্যকর’ মন্তব্য করে তারা উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান। একইসাথে এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের প্লাটফরম সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মহল থেকে কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। জাতীয় দৈনিক আমারদেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হুমকি ও মামলার শিকার হচ্ছেন। আমরা এরও তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার স্বার্থে সরকার এবং দল-মত নির্বিশেষে সংশ্লিষ্ট সকলের কাছে যৌক্তিক, দায়িত্বশীল, সংযত ও সহনশীল আচরণ কামনা করছি। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এস এম এ ফায়েজ, সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক লায়লা নূর ইসলাম, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক আবদুর রশিদ, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক তাহমিনা আখতার, ড. মো. আবুল বাশার, ড. মো. মোজাম্মেল হক, ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. মোশারফ হোসাইন ভুঁইয়া, অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, ড. মুসলেহ উদ্দিন তারেক, লুত্ফর রহমান, ড. মঈনুল, মো. মাজহারুল আনোয়ার, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।