বইমেলায় তোমাদের জন্য নতুন বই

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৪
আগামীকাল শেষ হবে বাংলা একাডেমী আয়োজিত একুশে গ্রন্থমেলা। এ বছর গ্রন্থমেলায় ছোটদের জন্য প্রকাশিত হয়েছিল অনেক বই। এখন মেলার শেষ পর্যায় প্রকাশিত কিছু বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। গণেশ ধনেশ রণেশ এবং ভূতের বাচ্চা প্রখ্যাত ছড়া লেখক লুত্ফর রহমান রিটনের লেখা একখানি কবিতার বই। বইটিতে রয়েছে প্রসন্ন হাসি, তীর্যক ব্যঙ্গ ও কোমলতার সমাহারে ভরা অনেকগুলো কবিতা। বইটি উন্নতমানের কাগজে চার রঙে ছাপা। প্রচ্ছদপট ধ্রুব এষের আঁকা এবং অলঙ্করণ করেছেন সুজন চৌধুরী। বইটি প্রকাশিত হয়েছে চন্দ্রাবতী একাডেমী থেকে। মূল্য তিনশত টাকা। সুন্দরবনের বাঘরাজা সুপরিচিত লেখক ফয়সাল শাহ’র একখানি গল্পের বই। বইটির পাতায় পাতায় ছবি। বইটির প্রচ্ছদ ও ছবিগুলো এঁকেছেন সোহাগ পারভেজ। সহজ-সরল ভাষায় লেখা এ বইটি প্রকাশ করেছেন বাংলা বাজারের মিজান পাবলিশার্স। মূল্য একশত টাকা। ফাটাফাটি হাসি হাসি-লেখক ইকবাল খন্দকারের লেখা একখানি গল্প সংকলন। বইটির ভেতরে রয়েছে আকর্ষণীয় ছবিসহ পনেরোটি গল্প। গল্পগুলো হাসিতে ভরপুর। মজার এই বইটি প্রকাশ করেছে মুক্তদেশ প্রকাশন। প্রচ্ছদপট এঁকেছেন মামুন হোসাইন, অলঙ্করণ করেছেন তুষার আতিক। বইটির মূল্য একশত বিশ টাকা। পশু ও জীব-জানোয়ার চিনান মামা আনোয়ার সৈয়দা রাশিদা বারীর লেখা একখানি ছড়ার বই। বইটিতে রয়েছে হাতি, বাঘ, বানর, বুনোষাঁড়, ঘোড়া, হরিণ, ব্যাঙ, বিড়াল ও কুমিরসহ নানা প্রাণীকে নিয়ে ছড়া। আফসার ব্রাদার্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদপট এঁকেছেন মশিউর রহমান। বইটির মূল্য একশত পঁচিশ টাকা। অদ্ভুত এক প্রাণী সুপরিচিত ছড়া-লেখক মালেক মাহমুদের লেখা একখানি গল্পের বই। উন্নত মানের কাগজে ছাপা। বইটি প্রকাশ করেছে আদিগন্ত প্রাকশন। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ আজিজুর রহমানের। মূল্য ষাট টাকা। স্বপ্নবোনা টাট্টু ঘোড়া শাকিল মাহমুদের লেখা ছড়া-কবিতার বই। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। সূচিপত্রে রয়েছে মোট বাইশটি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন খলিল রহমান, অলঙ্করণ ইমন ফয়সালের। মূল্য একশত চৌত্রিশ টাকা। রাক্ষুসে হ্রদ বইটি লিখেছেন আলী ইদরিস। বইটি ক্যামেরুনের একটি ঘটে যাওয়া ভয়ংকর কাহিনীর প্রতিচ্ছবি। সহজ ও সাবলীল ভাষায় কাহিনীর বর্ণনা করেছেন এ বইটিতে। বইটি শিশু-কিশোর ও বড়দের জন্য উপযোগী। বইটি প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশন। পাতায় পাতায় ছবিসহ এ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ উত্তম সেনের। মূল্য একশত বিশ টাকা। ভূতকন্যা রহমান ওয়াহিদের লেখা একটি গল্পের বই। পাতায় পাতায় রঙে রঙে সুশোভিত এ বইটি প্রকাশ করেছে শিলা প্রকাশনী। বইটির প্রচ্ছদপট ও ভেতরের ছবি এ কে এম খালেকুজ্জামানের আঁকা। বইটির মূল্য ষাট টাকা। মিলন সব্যসাচী