সরকারি অনুমোদন বা কোনরকম টেন্ডার ছাড়াই গাইবান্ধা পৌর মেয়রের বিরুদ্ধে পৌর কবরস্থানের বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে। জানা যায়, সম্প্রতি পৌর কবরস্থানের লাইটিং, গেট নির্মাণ ও পানি সরবরাহ ব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ কারণে পৌরসভার মাসিক সভায় পৌর কবরস্থানের কিছু গাছের ডাল ছাঁটাইয়ের রেজুলেশন করা হয়। কিন্তু ডাল ছাঁটাই করতে গিয়ে বিভিন্ন প্রজাতির এসব গাছ কাটা হয়। গাছগুলো কাটতে গিয়ে কবরস্থানের অনেক পুরাতন কবর তছনছ এবং পাকা কবর ভেঙ্গে যায়। এ ব্যাপারে পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু জানান, গাইবান্ধা পৌরসভার মাসিক সভায় পৌর কবরস্থানের পুরাতন গাছগুলোর শুধু ডাল ছেঁটে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গাছ কাটার কোন সিদ্ধান্ত হয়নি। পৌর মেয়র মো. শামছুল আলম গাছ কাটার কথা স্বীকার করে বলেন, পৌর কবরস্থানের বিভিন্ন উন্নয়ন কাজের স্বার্থে কয়েকটি পুরাতন কদম, রেইনট্রি, আম ও সুংসুংগির গাছ কাটা হয়েছে। আর বাকি গাছগুলোর শুধু ডাল ছেঁটে দেয়া হয়েছে। জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক জানান, কবরস্থানের গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। বিষয়টি তিনি দেখবেন।
