ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওই এলাকার ফারুক মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই গৃহবধূকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আ. ছাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার মামলা দায়েরের পর ফারুক মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানা যায়, গত শনিবার রাতে স্বামী ব্যবসায়িক কাজে বাইরে থাকার সুবাদে প্রতিবেশী ফারুক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ফারুককে জাপটে ধরে চিত্কার দেন ঐ গৃহবধূ এবং এলাকার লোকজন এসে শনিবার ও রবিবার সারাদিন দু’জনকে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে রবিবার রাতে থানায় নিয়ে আসে। পরে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা গ্রহণ করে। এ ঘটনার পর ওই গৃহবধূর সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে।
