সিরাজগঞ্জের কাজিপুরে গাছের নিচে চাপা পড়ে দাদা ও নাতনির মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। গুরুতর আহত সম্রাট হোসেন ও মুকুল হোসেনকে বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভানুডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন (৮) ভানুডাঙ্গা গ্রামের মুকুল হোসেনের মেয়ে ও মুকুল হোসেনের বাবা ইসমাইল হোসেন (৫৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজিপুরে ভানুডাঙ্গা গ্রামে আজ হাটের দিন ছিলো। দুপুর থেকে লোকজন হাটে আসতে শুরু করে। এর মধ্যে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় হাটের পুরাতন একটি পাইকর গাছ হাটে আসা লোকজনের উপর উপড়ে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার ধুনুট ও শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ইসমাইল হোসেন ও তার নাতনি বিথিকে ধুনুট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধুনুট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুসফিক দেওয়ান ইসমাইল হোসেন ও তার নাতনি বিথির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম লুৎফর রহমান জানান, ঝড়ে ভানুডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দাদা ও নাতনি।
ইত্তেফাক/কেকে
