শোক সংবাদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
মুক্তিযোদ্ধা বিএম সোলায়মান মাস্টার বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিএম সোলায়মান মাস্টার গত ২৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার মরহুমের নিজ কর্মস্থল মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাজার চর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং সদরপুর উপজেলার চরমোনাইর চর গজারিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন এমপি এবং কৃষক ফেডারেশনের সভাপতি লিয়ার হোসেন খান ও কিষাণী সভার সভানেত্রী ডা: শামসুন নাহার খান ডলিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা সিরাজুল হক মল্লিক বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মল্লিক (৭২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গতকাল মঙ্গলবার ভোর ৪ টায় আড়ুয়াবর্নী গ্রামের নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সিরাজুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেন এবং দীর্ঘদিন উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহর বাদ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।