ভেড়ামারা ইউএনও’র ওপর বোমা হামলায় আটক ৬

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
গত সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামের উপর বোমা হামলার ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেড়ামারা পুলিশ। এ ঘটনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও ভেড়ামারা প্রেসক্লাবসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ ও র্যাব জর্দার কৌটা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বোমা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে উপজেলা প্রশাসন, ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভেড়ামারা মডেল থানা পুলিশ হাসপাতাল ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার রাতে ভেড়ামারা উপজেলা চত্বরে অফিসার্স ক্লাবের সামনে ব্যাডমিন্টন খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম ও পিয়ন নজরুল ইসলামকে নিয়ে হেঁটে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন ও অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পর পর ২টি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মোহাম্মদ রাজিবুল ইসলাম (৪৫) মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সঙ্গে থাকা উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম (৪২) ও পিয়ন নজরুল ইসলাম (৩৮) আহত হন। মোহাম্মদ রাজিবুল ইসলাম ও তৌহিদুল ইসলাম এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন।