ইসলাম ও মহানবীর (স.) অবমাননা বন্ধে সজাগ থাকুন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
সরকার ইসলাম ও মহানবী (স.) এর অবমাননা বন্ধে বদ্ধপরিকর। এ কারণে গণসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে সরকার। সামপ্রতিক সময়ে ফেসবুক ও ব্লগে ইসলাম ও মহানবীকে (স.) নিয়ে কটূক্তি ও অপপ্রচার করার অভিযোগ উঠলে গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ বিষয়ে জনগণকে সচেতন করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের পরপরই গতকাল থেকে সবার মোবাইল ফোনে রাসুল (স.) এর অবমাননাকর অপপ্রচার থেকে সবাইকে বিরত ও সজাগ থাকার আহবান জানানো হয়েছে। এসএমএসে বলা হচ্ছে, মহানবী (স.) কে অসম্মান করে মিথ্যা প্রকাশনা, প্রচার ও অশান্তি তৈরির বিরুদ্ধে সজাগ থাকুন। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, দেশে সহিংসতা সৃষ্টি করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিভিন্ন ছদ্মনামে একশ্রেণীর লোক ফেসবুক ও ব্লগে হযরত মুহাম্মদ (স.) এর চরিত্র এবং ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। কে কার নামে এসব তথ্য প্রকাশ হয়েছে তা শনাক্ত করার আগেই দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যেতে পারে - এমন আশঙ্কা গোয়েন্দাদের। এ কারণে এসব মিথ্যা তথ্য নিজের নামে বা অন্যের নামে যারা প্রচার করছে তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে সরকার আরো কিছু উদ্যোগ নেবে বলে জানা গেছে।