বেআইনীভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের প্রতিবাদে গত মঙ্গলবার ঘাটাইল উপজেলার গুণগ্রামবাসী দুই ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
গুণগ্রামবাসী জানায়, পাশের কর্ণা গ্রামের আব্দুল মজিদ ও সাইফুল তাদের ফসলি জমির পাশ থেকে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে তাদের জমি ক্ষতিগ্রস্ত ও ভেঙ্গে যাচ্ছে। এভাবে বালু উত্তোলনের ফলে কমপক্ষে পঞ্চাশ বিঘা জমি হুমকির সন্মুখীন। এ ব্যাপারে গ্রামবাসী বার বার অভিযোগ করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। ক্ষতিগ্রস্ত মো. মোখলেছুর রহমান জানান, গ্রামবাসী উপায় না দেখে সড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বালু তোলার মেশিন সরিয়ে নিলে গ্রামবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
