উখিয়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার উখিয়া সদর এলাকায় বিভিন্ন হোটেল, রেষ্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রি, অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রির অভিযোগ হাতে-নাতে প্রমাণিত হওয়ায় ৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলম, উখিয়া পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের শুরুতেই উখিয়া সদর নুরুল হোটেলের রান্নাঘরে অভিযান চালান। এ সময় রান্নাঘরে দায়িত্বরত বাবুর্চি ও কর্মচারীদের অপরিচ্ছন্ন পরিবেশ, হোটেল সংলগ্ন খোলা ডাস্টবিনে দুর্গন্ধ প্রভৃতি কারণে ৫ হাজার টাকা জরিমান করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পার্শ্ববর্তী নুর হোটেলে একইভাবে অভিযান পরিচালনা করে তাদের দোষী সাব্যস্ত করে জরিমান আদায় করেন। এভাবে উখিয়ার সদর এলাকায় অবস্থিত ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও অপরিচ্ছন্ন বাসি খাবার বিক্রির দায়ে মামলাসহ সাড়ে ২২ হাজার নগদ জরিমান আদায় করা হয়। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিকতা অব্যাহত রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২১ রোহিঙ্গা আটক
উখিয়ার সীমান্তের ঘুমধুম,তুমব্রু ও বালুখালী বিজিবি’র হাতে গতকাল বুধবার সকালে অনুপ্রবেশকারী ২১ রোহিঙ্গা ধরা পড়েছে। ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান পিএসপি বলেন, আটক রোহিঙ্গাদের যথাযথ মানবিক সেবা প্রদানের মধ্যদিয়ে গতকাল বিকালে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
