শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়। মঙ্গলবার রাতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেয়া হয়। প্রেসক্লাব কমিটিকে অবহিত না করেই কোন কারণ ব্যতীত হঠাত্ প্রেসক্লাব বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রেসক্লাব বন্ধের নিন্দা ও প্রতিবাদ এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকরা। গতকাল জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক ড. সাজেদুল করিম শিক্ষকদের পক্ষে লিখিত বিবৃতি দিয়েছেন। প্রেসক্লাব কেন বন্ধ করা দেয়া হয়েছে জানতে চাইলে প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাব বন্ধ করে দেয়া হয়েছে।
