রাজধানীর কল্যাণপুরে নতুন বাজার পোড়া বস্তিতে অগ্নিকাণ্ডে দেড়শ’ ঘর ও ১৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সরকারি জমিতে প্রায় ৩ হাজার ঘর নিয়ে পোড়া বস্তি গড়ে ওঠে। এর আগে বছর পাঁচেক আগে এই বস্তিটি পুড়ে গিয়েছিল। গতকাল সকাল ১১টার দিকে বস্তির পিছনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বস্তির ঘরগুলোতে রিকশাচালক, গৃহকর্মী ও গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ বস্তিবাসী ঘরের বাইরে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানো শুরু করে। আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি আহত হন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী সুফিয়া জানান, তিনি নতুন বাজারে একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি বস্তিতে এসে দেখেন তার ঘরটি পুড়ে গেছে। তার ঘরে একটি টেলিভিশন, নগদ ৩ হাজার টাকা ও কাপড় ছিল। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ের মধ্যে বস্তির ১৪২টি ঘর ও ১৬টি ভাঙ্গারির দোকান পুড়ে যায়। এতে বস্তির প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
