মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব কামনায় চরমোনাই’র বার্ষিক তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল গতকাল বুধবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে পীর সাহেব মাওলানা সৈয়দ মোঃ রেজাউল করিম আখেরী মোনাজাত পরিচালনা করেন। টানা ২০ মিনিটের মোনাজাতে তিনি মুসলমানদের ঐক্য ও শান্তির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত চলাকালে ‘আমিন-আমিন’ ধ্বনিতে প্রায় ৬ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
পীর সাহেব বলেন, বর্তমান সময়ে অন্য ধর্মাবলম্বীদের চেয়ে অনেক মুসলমান নামধারী ব্যক্তি, দল ও গোষ্ঠীই ইসলামের জন্য বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। সুবিধাবাদী নামধারী মুসলমানরাই ইসলাম, মুসলমান, আল্লাহ, রাসূল (সঃ), কুরআন, হাদীস, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপিসহ ইসলামী পোশাক-পরিচ্ছদের দুশমন। বর্তমানে বাংলাদেশে আলেম ওলামাদের বিভিন্ন মতের সুযোগে নাস্তিক ব্লগাররা আল্লাহ, আল্লাহর রাসূল ও ইসলামের বিভিন্ন বিষয়ে কটূক্তি তথা অশালীন প্রচার চালাচ্ছে। এদেরকে নাস্তিক উপাধি দিয়ে পীর সাহেব বলেন, আল্লাহর ভয় কারো মনে থাকলে তার পক্ষে এটা কিছুতেই সম্ভব নয়। তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানকে ইসলামের শত্রুদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। পীর সাহেব নবীর দুশমন ব্লগারদের অবিলম্বে গ্রেফতার, ব্লগসমূহ বন্ধ ও ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে- আগামী ১২ মার্চ মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসক বরাবর, ১৩ মার্চ বুধবার জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান, ১৮ মার্চ সোমবার রাজধানীতে গণমিছিল, ২২ মার্চ শুক্রবার ঢাকায় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময়, ২৩ মার্চ শনিবার বিশিষ্ট রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের নিয়ে ঢাকায় গোলটেবিল বৈঠক ও ২৯ মার্চ শুক্রবার ঢাকায় জাতীয় মহাসমাবেশ ঘোষণা করেন। তিনি বলেন, ঐ সমাবেশ থেকেই ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই বেগবান করে বিজয় নিশ্চিত করতে সকল তৌহিদী জনতাকে উপস্থিত থাকতে হবে। আখেরী মোনাজাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ , প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে মাহফিলে আগত ৯ জন মুসল্লি¬ মাহফিল চলাকালে গত ৩ দিনে মারা গেছেন বলে খবর নিশ্চিত করেছেন মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ। তাদের জানাযা নামাজের শেষে লাশ নিজ নিজ আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
