সঙ্গীত দিয়ে মানুষকে জয় করা যায়। গানের শক্তি কত প্রবল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আরেকবার প্রমাণিত হলো। জমকালো আয়োজনে ঐদিন অনুষ্ঠিত হয় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর অষ্টম আসর। প্রথমবারের মত বন্দরনগরীতে আয়োজিত এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন ৩০ হাজারের বেশি সঙ্গীত পিপাসু মানুষ। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হলেও স্টেডিয়াম পাড়ায় নানা বয়সের মানুষের ভিড় জমতে শুরু করে বিকাল থেকেই। এসময় স্টেডিয়াম সংলগ্ন নেভাল এভিনিউ এবং কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। শুদ্ধ সঙ্গীতের বিশ্বায়নে শীর্ষক শ্লোগান নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীতের ১৩টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের গুণী শিল্পীরা ছাড়াও শ্রীলংকা, নেপাল ও ভুটানের ৩ গুণী শিল্পীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী। তিনি শুদ্ধ সঙ্গীতের প্রসারে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সিটিসেলের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিটিসেলের চেয়ারম্যান এম মোরশেদ খান, নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
ফারজানা ব্রাউনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। শুরুতেই চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক প্রীতিলতা ওয়াদ্দেদার ও মাস্টারদা সূর্যসেন, ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রামের ভূমিকা বিষয়ক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর একে একে মঞ্চে আসেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও দিলরুবা খান। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নায়ক রাজ রাজ্জাক ও তরুণ মডেল হাসিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ওরে সাম্পানওয়ালা গানের সাথে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় জুটি মৌসুমী ও ফেরদৌস। অনুষ্ঠানে মাইলস ও সোলসের পরিবেশনার সময় তরুণ দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। এছাড়া হাবিব, কনা ও হায়দার হোসেনের পরিবেশনাও দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে।
অষ্টম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন: পৃথ্বীরাজ- সেরা নবাগত শিল্পী, সেরা ছায়াছবির গান- আমি মানুষের ভাই (গেরিলা), পার্থ বড়ুয়া (সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার), সেরা ব্যান্ড- নেমেসিস, আধুনিক গান- সাবিনা ইয়াসমিন, সেরা সঙ্গীত পরিচালক- বাপ্পা মজুমদার, সেরা গীতিকার- বায়েজীদ খুরশিদ রিয়াদ, উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র)- গাজী আব্দুল হাকিম, সেরা নজরুল গীতি শিল্পী- ফেরদৌস আরা, সেরা রবীন্দ্র সঙ্গীত শিল্পী- রেজওয়ানা চৌধুরী বন্যা, সেরা লোকগীতি শিল্পী- ফরিদা পারভীন, সেরা মিউজিক ভিডিও- ইজাজ খান স্বপন (মার ছক্কা), সেরা কাভার ডিজাইন- ইন্দ্রনীল (ডট অ্যালবাম)।
