পিরোজপুরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
বুধবার পিরোজপুরে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ‘রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবেন বারো মাস’ এ শ্লোগানকে সামনে রেখে জেলার জিয়ানগর উপজেলায় পাড়েরহাটে জাটকা সংরক্ষণ সপ্তাহের জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মত্স্য মন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল হাই ও পিরোজপুরের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। মত্স্য বন্দর পাড়েরহাটের রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস প্রমুখ। নৌ-শোভাযাত্রা ও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মন্ত্রী পাড়েরহাটে একটি মত্স্য অবতরণ কেন্দ্র স্থাপনের আগের সিদ্ধান্ত অচিরেই কার্যকর করা, পিরোজপুর জেলাকে স্বাদুপানির গলদা চিংড়ি চাষ প্রকল্পভুক্ত করাসহ দেশের জেলেদের তালিকাভুক্ত করণের প্রতিশ্রুতি দেন।