ইত্তেফাকের পাংশা সংবাদদাতার উপর সন্ত্রাসী হামলায় প্রেসক্লাবের নিন্দা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সংবাদদাতা এস এম রাসেল কবিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাংশা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে পাংশা প্রেসক্লাবে নিন্দা ও ক্ষোভ প্রকাশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আল মাসুদ, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা শিশির, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। সভায় প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে শাস্তির দাবি জানানো হয়। বুধবার রাতে সাংবাদিক রাসেলকে সংবাদ সংগ্রহের কথা বলে অজ্ঞাত এক সন্ত্রাসী পাংশা পৌরসভা চত্বরে ডেকে নিয়ে যায়। রাসেল পৌরসভা চত্বরে পৌঁছামাত্র পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা চালানো হয়।