গত কয়েকদিনে অজ্ঞাত রোগে জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অন্তত ২০টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার চিকাজানী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
গত এক সপ্তাহে উপজেলার চরডাকাতিয়া গ্রামের সাদা মিয়ার ৩টি, কাজলাপাড়া গ্রামের বাচ্চুর ১টি, নয়াপাড়া গ্রামের খালেক মিয়ার ৩টিসহ আশপাশের প্রত্যন্ত এলাকায় আরো ১৩টি গরু মারা গেছে। স্থানীয় মণ্ডলবাজার গ্রামের বাসিন্দা ডা. ফিরোজ মিয়া জানান, সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক গরু হঠাত্ মাথা নিচের দিকে নুইয়ে মাটিতে পড়ে এবং কিছু বুঝে উঠার আগেই মারা যায়। এ সময় কিছু গরুর পেট ফুলে যায় বলে তিনি জানান।
স্থানীয় চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন গরু মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এলাকায় পশু চিকিত্সক গরুর চিকিত্সা প্রদান করে যাচ্ছেন। এব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজগর আলী সাদা মিয়ার ২টি গরু মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, গরু ২টির ভিসারা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
