তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামপ্রদায়িক, উগ্রবাদী, যুদ্ধাপরাধী জামায়াত চক্র বাংলাদেশের সংবিধান ও আইন মানে না। এ কারণে তারা আদালতের আসামিকে মুক্ত করার জন্যে হরতাল ডাকে। তিনি বলেছেন, জামায়াতের এই হরতাল দেশবিরোধী এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল। এই হরতাল গণতন্ত্রের জন্যে হুমকি। এদেরকে কঠোর হাতে দমন করা ছাড়া কোনো উপায় নাই।
গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী তার বক্তব্যে ‘৭১-এ যারা পাকিস্তানের দালালি করেছিল এবং ৪০ বছরেও বাংলাদেশের জাতীয় পতাকা, সংবিধান ও সংস্কৃতি মানেনি তাদেরকে রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করার জন্যে দেশবাসীর প্রতি আহবান জানান। যেসব সংবাদপত্র উস্কানিমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের জন্ম দেয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এর আগে তথ্যমন্ত্রী সার্কিট হাউজে স্থানীয় মহাজোটের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগসহ জোটের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি উপস্থিত ছিলেন।
