উপজেলার কাঞ্চননগরে শত বছরের পুরানো একটি পানি চলাচলের পথ মাটি ভরাট করে বন্ধ করে দেয়ায় কয়েকশ’ একর জমিতে চলতি বোরো চাষাবাদ বন্ধ হয়ে গেছে। অপরদিকে বেশ কিছু বাড়ীঘর ও বোরো চাষের জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। সেই সাথে ৪৫টি সংখ্যালঘু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ প্রতিকার চেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, মধ্য কাঞ্চননগর গ্রামের চৌমুহনী-কাঞ্চুরহাট সড়কের পাশে জনৈক আইয়ুব আলী তালুকদার নামের এক ব্যক্তি জমিতে মাটি ভরাট করে শত বছরের পুরানো পানি চলাচলের পথটি বন্ধ করে দেয়ায় রাস্তার একপাশে রোপিত বোরো ধানের জমি পানির নিচে ডুবে রয়েছে। অপরদিকে অপরপাশের জমিতে পানি চলাচল করতে না পারায় শতাধিক একর জমিতে বোরো চাষাবাদ বন্ধ হয়ে গেছে। সে সাথে উক্ত স্থানে দাশ পাড়ার ৪৫ পরিবারের বাড়ীর উপর পানি উঠছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশের নিকট জানতে চাইলে তিনি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
