রাজধানীর বাড্ডায় ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিজয় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণিতে এ ঘটনা ঘটে। বিজয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয় দাবি করেছেন, শিবির সদস্যরা তার উপর হামলা চালিয়েছে। বিজয়ের বাম হাত, দুই পা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন বিজয় জানান, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মধ্য বাড্ডা বসবাস করেন। তিনি সরকারী তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র। দুপুর ২ টার দিকে তিনি সেলুনে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি কুড়ালের টেক এলাকায় পৌঁছলে ধারালো অস্ত্র হাতে ৪/৫ যুবক তার গতি রোধ করে। যুবকরা তাকে বলে- ‘ছাত্রলীগ করিস? শিবিরের বিরুদ্ধে শ্লোগান দিস?’। কিছু বুঝে ওঠার আগে যুবকরা তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। পরে বিজয়ের চিত্কারে আশপাশের লোকজন ছুটে গেলে যুবকরা দ্রুত পালিয়ে যায়। বিজয়ের বন্ধু সাদ্দাম তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঘটনাস্থলের আশেপাশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাওনা টাকার জের ধরে বিজয় পরিচিতরাই তার ওপর হামলা চালিয়েছে।
বাড্ডা থানার এসআই লিয়াকত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
