চার বছরে সাড়ে ১৩ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২১:৩৫
বর্তমান সরকারের চার বছরে ১৩ হাজার ৫৩৫ জনকে পিএসসি’র মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে প্রতি জেলায় আরও দুইজন অতিরিক্ত জেলা প্রশাসকের পদ সৃষ্টি করা হয়েছে। জাতীয় সংসদে টেবিলে বৃহস্পতিবার বিকালে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। জাতীয় পার্টির (এ) মো. মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিসিএস ক্যাডার পদে ১০ হাজার ৭৫ জন, নন ক্যাডার পদে প্রথম শ্রেণীর পদে ৯৭১ জন, নন ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে দুই হাজার ৪৯৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে দেশের সকল জেলায় একটি করে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং ৪৩ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) পদ সৃষ্টি করে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও জেলা তথ্য বাতায়ন, ই-গভর্নেন্স প্রতিষ্ঠা, ওয়ানস্টপ সার্ভিস, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, প্রশিক্ষিত কর্মকর্তা সৃষ্টি, নাগরিক সনদ প্রণয়ন, তথ্য অধিকার আইন ও সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে।