জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গতকালও দেশ জুড়ে সহিংসতা অব্যাহত ছিল। ঘটনার ধারাবাহিকতায় নোয়াখালী, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের মৃত্যু এবং পুলিশসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কোথাও কোথাও ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করা হয়েছে। সাতক্ষীরায় পালন করা হয়েছে হরতাল।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, নাশকতা এড়াতে ও আইন-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় কুষ্টিয়া জেলার ৫টি পৌর এলাকা ও একটি উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন থেকে পৃথক পৃথক আদেশে গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ওই নির্দেশ জারির পর শহরে করে মাইকিং করা হয়। ১৪৪ ধারা জারির স্থানগুলো হচ্ছে কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা পৌর এলাকা এবং দৌলতপুর উপজেলা শহর এলাকা। জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকার সোনাতলায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ ১৫ জন জামায়াত-শিবির কর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার সোনাতলা শিকদার বাড়ী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর জামায়াত-শিবিরের একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে আসার পথে কর্তব্যরত পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। পুলিশ ৫০ রাউন্ড গুলিবর্ষণ ও ৩ জনকে আটক করে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জামায়াত-শিবিরের মিছিল থেকে জেলা শহরের ৩ শতাধিক দোকান-পাট ভাংচুর করা হয়েছে। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদে আওয়ামী লীগ পাল্টা মিছিল করে। মিছিলকারীরা জেলা জামায়াতে ইসলামির আমিরের তিনতলা বাড়ি ও দোকানসহ ২টি দোকান পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরে ওই ঘটনা ঘটে। পুলিশ পৌর জামায়াতের আমীরসহ ২ জনকে আটক করেছে।
গাইবান্ধা প্রতিনিধি ও সুন্দরগঞ্জ সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের গংসারহাট বাজারে গতকাল শুক্রবার সকালে জামায়াত-শিবির নেতাকর্মীরা শরিফুল ইসলাম রঞ্জু (৩৫) নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে। আহত হয়েছে ৭ জন। নিহত শরিফুল উপজেলার পরান গ্রামের মালে উদ্দিনের ছেলে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব গতকাল সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি করেন। এদিকে বৃহস্পতিবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ হাজার আসামি করে সুন্দরগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি ও কালীগঞ্জ সংবাদদাতা জানান, গতকাল বাদ জুমা জেলার কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলকারীদের সাথে স্থানীয় আ’লীগ-ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা মদাতি ইউনিয়ন জামায়াত অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল শিবগঞ্জের সাহাবাজপুরে জামায়াত-শিবিরের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ২৫-৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে জামায়াত-শিবিররা জঙ্গি মিছিল সহকারে সাহাবাজপুরে প্রতিমন্ত্রীর গ্রামের বাড়ি ভাংচুর করতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে জামায়াত কর্মী আঃ রহিম (৪৫) ঘটনা স্থলেই মারা যায়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, নাশকতা এড়াতে রায়গঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রায়গঞ্জ ইউএনও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশ জারি করেন। নির্দেশ জারির পর বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
মহেশপুর থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ কর্মীরা ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের অফিস পুড়িয়ে দিয়েছে। জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ একটি মিছিল বের করে। মিছিলকারীরা বাসস্ট্যান্ডে অবস্থিত জামায়াতের অফিস পুড়িয়ে দেয়। তাছাড়াও জামায়াত সমর্থক আল আমিন বস্ত্রালয় ও কপোতাক্ষ হোটেল পুড়িয়ে দিয়েছে তারা।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার নিকটবর্তী এলাকার বিয়ারামারুয়া স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে সিমেন্টের খুঁটি ফেলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট নামক বাসস্ট্যান্ডের পাশে একটি মাইক্রো ও একটি হিউম্যান হলারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে গাড়ি ২টি ভস্মীভূত হয়ে যায়। ৪/৫ ব্যক্তি উক্ত স্থানে একটি মাইক্রো ও বড়ই বোঝাই একটি হিউম্যান হলারে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
চলনবিল সংবাদদাতা জানান, আইন-শৃংখলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশংকায় তাড়াশ উপজেলা সদর, উপজেলার নওগাঁ মাজার মসজিদ এলাকা, নওগাঁ বাজার এলাকা ও মহিষলুটি নামক এলাকায় জনস্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, শাহজাদপুর থেকে রোগী নিয়ে এ্যাম্বুলেন্সে করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পাবনা-নগরবাড়ি মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ্যাম্বুলেন্সটিকে জামায়াত-শিবিরের কর্মীরা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে উল্লাপাড়া পৌর শহরের বগুড়া-নগরবাসী মহাসড়কে শ্রীকোলা বাসস্ট্যান্ড ও বাখুঁয়া ওয়াপদা মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম এই আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত্ থাকবে বলে জানানো হয়।
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত-শিবির ও বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে আদালত ভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স, পৌরসভা ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়সহ যানবাহন, ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন দেয়া হয়েছে উপজেলা সদর জামে মসজিদে, হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরেও। তবে মাইকে আহ্বান করার পর উপজেলা সদর জামে মসজিদের আগুন জনতা এগিয়ে এসে নিয়েন্ত্রণে আনে। সর্বত্র চালানো হয়েছে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ। এ ঘটনায় ১ জন নিহত হয়েছে।
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুন্ড জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল চোরাগোপ্তা হামলা চালিয়ে আরো ৩টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর ভাংচুর করেছে অর্ধশত যানবাহন। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ওয়াপদা গেইটে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। এর ঘণ্টাখানেক পর সীতাকুণ্ড সদরের বাইপাস এলাকায় আরো ২ মিনিট ট্রাকে আগুন দেয় তারা। কাভার্ড ভ্যানে আগুন দেয়ার পর শিবির কর্মীরা এলাকাটি ঘেরাও করে রাখে এবং ফায়ার ব্রিগেডের কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরে পুলিশ এসে শিবির কর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
রাজশাহী অফিস জানায়, গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর বিনোদপুরে আবারো পুলিশ-শিবির ব্যাপক সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও পথচারিসহ ২০ জন আহত হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘায় জামায়াত-শিবির, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত শিবির কর্মী আমিরুল ইসলাম (২৮) রাত ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল শুক্রবার তীব্র উত্তেজনার প্রেক্ষিতে দিনভর বাঘা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জামায়াত শিবিরের দেয়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের পিকআপ ভ্যান গেলে জামায়াত শিবির ইউএনও এবং পুলিশের উপর হামলা করে গাড়ী ভাংচুর করে। এসময় পাঁচবিবির ইউএনও তার ড্রাইভার, ৬জন পুলিশ কর্মকর্তা ও ৬ কনস্টেবল আহত হয়। ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, উপজেলার কাশরা গবিন্দপুর গ্রামে হিন্দু এবং আওয়ামী লীগ সমর্থকদের ৭টি বাড়ী ভাংচুর করে আগুন দিয়েছে জামায়াত শিবির।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে । বৃহস্পতিবার পুলিশের সাথে সংঘর্ষের পর শহরজুড়ে আতংকময় পরিবেশ বিরাজ করলেও শুক্রবার বড় ধরনের কোন সহিংস ঘটনা ঘটেনি । গতকাল জুম্মার নামাজের পর জামায়াত শিবিরের নেতাকর্মীরা শহরের স্টেশন রোড ও শেরপুর রোডসহ কয়েকটি স্থানে মিছিল করে শহরে প্রবেশের চেষ্টা করে।
এদিকে বৃহস্পতিবার হরতাল চলাকালে সংঘর্ষের ঘটনায় বগুড়া সদর ও জেলার শেরপুর থানায় ৯২ জনের নাম উল্লেখসহ ৪ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় শুক্রবার পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।
কক্সবাজার প্রতিনিধি জানান, বৃহস্পতিবার থেকে কক্সবাজার সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার কক্সবাজার-চট্টগ্রাম সড়কের লোহাগাড়ায় এবং গতকাল শুক্রবার চকরিয়ায় সাঈদী সমর্থকদের অবরোধের কারণে এই অবস্থা দেখা দিয়েছে। চকরিয়ায় অবরোধ তুলতে গিয়ে পুলিশ জামায়াত-শিবির কর্মীদের হামলার শিকার হয়েছে। এই ঘটনায় ওসি রণজিত্ বড়ূয়াসহ ২০ জন আহত হয়েছে। এর আগে বৃহস্পতিবারের সহিংস ঘটনায় গতকাল শুক্রবার পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার পেকুয়ায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮শ’ জনকে আসামি করে ৩টি পৃথক মামলা দায়ের করেছে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গতকাল শুক্রবার ১৪৪ ধারা ভঙ্গ করে জামায়াত-শিবির কর্মীরা তান্ডব চালানোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিজিবি’র উপস্থিতিতে পুলিশ জামায়াত-শিবির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড গুলি ও ৩০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। জেলা প্রশাসন গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে রানীরবন্দরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু জামায়াত-শিবির নেতা-কর্মীরা ১৪৪ ধারা উপেক্ষা করে দিনভর তান্ডব চালায় গোটা রানীরবন্দর এলাকায়।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে বৃহস্পতিবার দুপুরে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ চিকিত্সাধীন নুর উদ্দিন গতকাল শুক্রবার সকালে জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট ক্লিনিকে মারা যায়। নিহত নুর উদ্দিন (১৮) একজন কামলা শ্রমিক। এ নিয়ে নোয়াখালীতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে । এই দুটি সহিংস ঘটনায় বেগমগঞ্জ ৬ জন ও সুধারামে ৬ জনসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনাইমুড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে বেগমগঞ্জের রাজগঞ্জে ৮টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট এবং পুলিশের উপর হামলা, গুলিবর্ষণ, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে ৭১ জনকে এজাহারভুক্ত ও আরো দেড় থেকে দুই হাজার জামায়াত শিবির নেতা কর্মীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার দারোগা মিজানুর রহমান পাঠান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলা, আহত করা ও অন্যান্য অভিযোগে মিঠাপুকুর এবং পীরগাছা থানায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের প্রায় ১০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এদিকে বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সহিংস ঘটনার পর গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়।
সৈয়দপুর সংবাদদাতা জানান, নীলফামারীর কিশোরীগঞ্জে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে মিছিল করার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে সাঈদী ভক্ত একদল যুবক। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
১৫/১৬টি গাড়ির গ্লাস ভাংচুর করে। এসময় তারা একটি সুতাবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড-১২৬) সামনের অংশে আগুন দেয়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইব্রাহীমাবাদ রেলস্টেশনের কাছে বৃহস্পতিবার রাতে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। রাত ১টার দিকে শিবিরের শতাধিক নেতাকর্মী উত্তরবঙ্গ অভিমুখী মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের ওইস্থানে রাস্তার পাশে রাখা কালভার্টের পাইপ দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। অবরোধকারীরা ১৫টি ট্রাক ভাংচুর করে এবং একটিতে আগুন ধরিয়ে দেয়।
বান্দরবান প্রতিনিধি জানান, জামায়াত-শিবিরের হামলা-ভাংচুরের কারণে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ তিন জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বান্দরবান-কেরানীরহাট সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ২টি গাড়ি ভাংচুর করে। পরিবহন শ্রমিকরা জানান, চট্টগ্রামের সাতকানিয়া, কেরানীরহাট, বাজালিয়াসহ বিভিন্নস্থানে ভাংচুরের কারণে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর হওয়ায় বান্দরবানে রাজার মাঠে চ্যানেল আই ও পার্বত্য জেলা পরিষদের আয়োজিত তিন দিনব্যাপী পার্বত্য লোকজ মেলা স্থগিত করা হয়েছে। মন্ত্রী ও অন্যরা আটকা পড়ায় মেলা স্থগিত করা হয়েছে।
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, উখিয়ায় থমথমে অবস্থা ও জনমনে উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করায় কক্সবাজার-টেকনাফ সড়ক অচল। জীবনযাত্রা চরমভাবে ব্যাহত। বিজিবি গুরুত্বপূর্ণ সড়কে টহল অব্যাহত রেখেছে। পুলিশের পাশাপাশি সশস্ত্র আনসার উপজেলার বিভিন্নস্থানে অবস্থান নিয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, শনিবার সাতক্ষীরা জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জামায়াত। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় ৭টি মামলা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হয়নি। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম। বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল।
নীলফামারী প্রতিনিধি জানান, বাদজুমা কিশোরীগঞ্জ উপজেলা সদরে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ ৩ জনকে আটক করে। শহরের ভূমি অফিস ও কাঁঠালতলী মসজিদ থেকে জুমার নামাজ শেষে শতাধিক জামায়াত-শিবিরকর্মী তৌহীদি-জনতার ব্যানারে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হয়। ৩ জনকে আটক করা হয়েছে।
পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, পীরগাছায় জামায়াত-শিবিরের ১৫৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। উপজেলায় থমথমে পরিস্থিতি। শুক্রবার উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। বৃহস্পতিবার রাতে উপজেলার তাম্বুলপুর ও পাওটানা বাজারে জামায়াত-শিবির কর্মীরা আওয়ামী লীগের ২টি ইউনিয়ন অফিসসহ সমর্থকদের ২০টি দোকান ভাংচুর ও লুটতরাজ চালায়।
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ব্যবসায় প্রতিষ্ঠান সরিষার তেল মিল ও গুদামে হামলা করে ভাংচুরের পর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বরিশাল অফিস জানান, উজিরপুরে ৩শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় উপজেলা জামায়াতের আমীর কাওসারসহ ১২ জনের নামসহ এবং অজ্ঞাত ৩শ জনকে আসামি করা হয়।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, লালপুর থানায় দুটি মামলা হয়েছে। ৬২ জনের নামসহ আড়াই হাজার আসামি করে মামলা হয়েছে। খায়রুলের লাশ দাফন করা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা বলবত্ রয়েছে।
চৌমুহনী সংবাদদাতা জানান, শুক্রবার জুমার নামাজের পর জামায়াত-শিবির মিছিল করে শহীদ মিনার গণজাগরণ মঞ্চের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দেয়। জামায়াত-শিবির কর্মীরা শহরের পূর্ববাজারে ৩/৪টি গাড়ি ভাঙচুর করে। জনতা ও আওয়ামী লীগের কর্মীরা ইসলামী ব্যাংক ও আল আরাফা ব্যাংকে ইটপাটকেল নিক্ষেপ করে। র্যাব ফাঁকা গুলি ছোঁড়ে এবং কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে ৫৩ জনের নাম উল্লেখ করে এক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
গোয়ালন্দ সংবাদদাতা জানান, জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে শুক্রবার বিকাল রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল হয়। শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিকাল সাড়ে ৫টায় বের হওয়া বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা নাজিরুল ইসলাম দুলু, শেখ মো. ছবেদ আলী, আতিকুজ্জামান সেন্টু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি গোলাম মোস্তফা গিয়াস, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি গনেশ পাল, ওয়ার্কার্স পার্টির নেতা আসজাদ হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রায়পুর থানায় পুলিশ ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত ৪ জন পুলিশ ও ২ জন আনসার সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তারা হচ্ছেন:এএসআই আলি আজম, হাবিলদার বাবুল হোসেন, কনস্টেবল সেকেন্দার আলি ও শহিদুল ইসলাম এবং আনসার সদস্য মকবুল হোসেন ও খয়বর হোসেন।
বগুড়া প্রতিনিধি জানান, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মালিকানাধীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে অবস্থিত আফাকু হিমাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। আফাকু হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহজাহান চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঠা নিয়ে মিছিল করে হামলা চালিয়ে অফিস কক্ষের দরজা-জানালা আসবাবপত্র ভাংচুর করে। হিমাগারের সামনে ৩টি ট্রাক ভাংচুর করে। ক্যাশ বাক্স ভেঙে ৪০/৫০ হাজার টাকা লুট করে।
বগুড়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ ২ হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে ।
বৃহস্পতিবার আহত পুলিশ কর্মকর্তা আজমল হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয় ।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, পুলিশ প্রায় দেড় হাজার নেতা কর্মীর নামে মামলা করেছে।
বৃহস্পতিবার জামায়াত-শিবিরকর্মীরা ভাংচুর ও বিক্ষোভ করে চলে যাওয়ার পর সন্ধার পরে ছাত্রলীগ শহরে মিছিল করে আলামিন বস্ত্রালয় ও জামায়াত অফিসে অগ্নিসংযোগ করে এবং বিসিমল্লাহ হোটেল ভাংচুর করে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ৩২ জনের নাম উল্লেখ করে ৭/৮শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল করে। স্থানীয় লোকজন সাব্বির হোসেন (১৮) নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুরে বৃহস্পতিবার সংঘর্ষে নিহতদের মধ্যে লতীবপুর গ্রামের সাদেকুল (১৫) এবং কাশিপুর গ্রামের সাহেব আলী (৪৫), ২ জনের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। বাকী লাশগুলো রংপুর মেডিক্যাল মর্গে। পুলিশ বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা এবং ২২ জনকে আটক করেছে। উপজেলা সদরে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকালে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে মিছিল হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রায়পুর শহরে পৌর শিবির সভাপতি ফজলুল করিমসহ ১৪ নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩শত নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
রংপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের হামলায় আহত ২ পুলিশ কনস্টেবল গতকাল শুক্রবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিসামত গোবধা গ্রামের হযরত আলী ও রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের তোজাম্মেল হক।
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের বিশ্বনাথে গত বৃহস্পতিবার রাতের আঁধারে একদল দুষৃ্কতকারী উপজেলার লামাকাজী ইউনিয়নের সত্পুর রেলওয়ে স্টেশনের কাছে ‘সিলেট-ছাতক রেললাইন’ উপড়ে ফেলেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় ছাতক থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়। রেললাইন উপড়ে ফেলার কারণে গতকাল সকাল থেকে সিলেট-ছাতক রেলওয়ে যোগাযোগ বন্ধ রয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশ ও বিজিবির গুলিতে ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ও দেলওয়ার হোসেইন সাঈদীর মুক্তির দাবিতে আজ শনিবার ঠাকুরগাঁওয়ে আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল বলবত থাকবে বলে জানান জামায়াত নেতা।
কক্সবাজার প্রতিনিধি জানান, বৃহস্পতিবার কুতুবদিয়া ইউএনও কার্যালয়ে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের জের ধরে গতকাল শুক্রবার কুতুবদিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ। এ নিয়ে কুতুবদিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কুতুবদিয়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোপালদী বাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার নগর এলাকায় জুমার নামাজের পর জামায়াত-শিবির মিছিল করার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে জামায়াত আবার জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও ফাকা গুলি করে।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, জামায়াত-শিবির ও বিএনপির ২৩ নেতাকর্মীসহ ৪শ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা হয়েছে।
কিশোরগঞ্জ সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কাঠালিয়ায় জামায়াতের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
