রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সন্দেহভাজন হিসাবে সাত জনকে আটক করেছে।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে ইসলামী সমমনা দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার পর জুমার নামাজকে কেন্দ্র করে আগে থেকে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকেই মসজিদের উত্তর গেট বন্ধ করে দেয়া হয়। পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় এবং জিরো পয়েন্ট থেকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কোয়ার পর্যন্ত প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মসজিদকে কেন্দ্র করে পুলিশ চারদিকে ৪টি এপিসি ও একটি জলকামান মোতায়েন করে। এছাড়া র্যাব ও গোয়েন্দা সংস্থার শতাধিক সদস্য তাদের দায়িত্ব পালন করে। মসজিদে প্রবেশের সময় সন্দেহভাজন মুসল্লিদের শরীর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করে। জুমার নামাজ শেষ হওয়ার পর দক্ষিণ গেট দিয়ে মুসল্লিরা বের হওয়ার সময় সন্দেহভাজন হিসাবে সাত জনকে পুলিশ আটক করে। তবে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, তারা নিরাপত্তার মধ্যে নামাজ পড়ায় তেমন কোন সমস্যা হয়নি।
