ত্রিশ লাখ শহীদকে অসম্মান করলেন খালেদা জিয়া :হানিফ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৩৮
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্তদের পক্ষ নিয়ে দেশবাসীর সাথে তামাশা করেছেন। তিনি ত্রিশ লাখ শহীদকে অসম্মান করেছেন। তাকে ধিক্কার জানানো দরকার।’ তিনি গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনে দেয়া বক্তব্যের সমালোচনা করে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। উল্লে¬খ্য, সংবাদ সম্মেলনে বেগম জিয়া দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে আগামী মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বেগম জিয়া সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, জামায়াত কোন গণতান্ত্রিক দল নয়। দেশব্যাপী তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়ে গেছে তারা একটি ফ্যাসিস্ট দল। তারা যানবাহনে আগুন দিয়ে জীবন্ত মানুষকেও পুড়িয়ে ফেলতে কোন দ্বিধা করেনি, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মাধ্যমে জামায়াত সমর্থকরা তাদের একাত্তরের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। হানিফ বলেন, ‘পুলিশ আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং তাদের জীবন রক্ষার স্বার্থে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বেগম জিয়া এই অবস্থানকে গণহত্যা অভিহিত করে সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডকেই প্রশ্রয় দিয়েছেন।’ বিএনপির হরতাল ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট হিসাবে সরকারের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য একের পর এক হরতাল কর্মসূচি দিয়েছে। ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই হরতাল জনগণ প্রত্যাখ্যান করবে’ বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তারা একাধিকবার যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলনের কর্মসূচি দিয়ে ব্যর্থ হয়েছে, তাই তারা আবারও হরতাল দিয়েছে।’ তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যারা ৩০ লাখ মানুষকে হত্যা এবং দুই লাখ মা-বোনকে নির্যাতন করেছিল, বিএনপি সেই গণহত্যাকারীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে।