লক্ষ্যমাত্রা পূরণ হয়নি আমন সংগ্রহের

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪০
বাজারে ধান-চালের মূল্য বেড়ে যাওয়ায় ব্যর্থ হতে বসেছে সরকারের আমন চাল সংগ্রহ অভিযান। তিন লাখ টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার মধ্যে নির্দিষ্ট সময়ে মাত্র ১ লাখ ৭২ হাজার টন সংগ্রহ হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, সরকার যখন আমন সংগ্রহ মূল্য ঘোষণা করে তখন বাজারে ধান-চালের দাম কম ছিল। কিন্তু গত এক-দেড় মাসে দেশের হাট-বাজারগুলোতে হঠাত্ করে ধান-চালের দাম বেড়ে গেছে। এর কারণ হিসেবে সূত্র জানিয়েছে, সরকার চাল রপ্তানির ঘোষণা দিতে পারে, এতে ধান-চালের দাম বাড়বে—এমন আশায় বড় বড় ব্যবসায়ীরা মওজুদের দিকে নজর দেন। পাশাপাশি জোতদার শ্রেণির কৃষকরাও ধান বিক্রি কমিয়ে দেন। এর নেতিবাচক প্রভাব পড়ে সংগ্রহ অভিযানে। মিলাররা চুক্তি করেও গুদামে খাদ্যশস্য সরবরাহ করেনি। ফলে গত ২৮ ফেব্রুয়ারি আমন সংগ্রহের সময় শেষ হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অভিযান শুরু হয় গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এবার আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে তিন লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে দুই লাখ ৫০ হাজার টন সিদ্ধ এবং ৫০ হাজার টন আতপ চাল। প্রতিকেজি সিদ্ধ চাল ২৬ টাকা এবং আতপ চালের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়। অথচ বাজারে এখন প্রতিকেজি সিদ্ধ চাল মানভেদে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় খাদ্য অধিদপ্তর চাল সংগ্রহের সময় আরো ১৫ দিন বাড়িয়ে আগামী ১৫ মার্চ নির্ধারণ করেছে। অধিদপ্তর আশা করছে, এই সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।