সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪০
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের শ্লোগান মুখর উত্তাল সমাবেশে গতকাল শুক্রবার চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম সংহতি প্রকাশ করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে জামালখান সড়ক ও প্রেস ক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের জমায়েত শুরু হয় বিকাল ৩টায়। গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম থেকে গতকাল ঘোষণা করা হয়, একাত্তরের গণহত্যাকারী ও স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত-শিবির ছাড়া অন্য কোন ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে এই আন্দোলনের বিরোধিতা নেই। মঞ্চ থেকে বলা হয়, ব্লগার রাজীবকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের পাশাপাশি জামায়াত-রাজাকার বিরোধী আন্দোলনকে নস্যাত্ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তারা একাত্তরের মতো এবারও ধর্মীয় অপপ্রচারকে কাজে লাগানোর অপচেষ্টা করছে। ১৪ দলের মিছিল সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় বিএনপি ও তাদের স্বাধীনতা বিরোধী দোসর জামায়াত-শিবির চক্র মরিয়া হয়ে উঠেছে বলে গতকাল ১৪ দল চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন। গতকাল চট্টগ্রাম মহানগরীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করা হয়, এবং স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আপামর জনসাধারণকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানানো হয়।