জামায়াতের তাণ্ডবে কেউ ভয় পাবেন না :তথ্যমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২২:৪২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারা যাওয়ার পথে ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত পথসভায় জনতার উদ্দেশে বলেন, জামায়াতের তাণ্ডবে আপনারা কেউ ভয় পাবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। তথ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেশবাসীর কাছে যুদ্ধাপরাধীদের বিচারের যে ওয়াদা করেছিল রাজাকারের ফাঁসির রায় ঘোষণায় তা রক্ষা হয়েছে। রাজাকারদের ফাঁসি কার্যকর অচিরেই দেখতে পাবে দেশবাসী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, জাসদ নেতা রশীদুল আলম বাবু প্রমুখ। ভেড়ামারা সংবাদদাতা জানান, শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন এবং মাধ্যমিক স্কুলগুলোতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও ল্যাপটপ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধী মুক্তির হরতাল ডাকা জনকল্যাণের জন্য হরতাল না। জামায়াতের এই উগ্রবাদী সশস্ত্র তত্পরতাকে কঠোরভাবে দমন করা ছাড়া উপায় নেই। মসজিদগুলো জামায়াত-শিবিরের আস্তানা করতে দেয়া হবে না। এতে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শামিমুল ইসলাম ছানা। বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা জাসদের সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ।