পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০৩

বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম রুবেল হাওলাদার (২৫)। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেছেন।

চিতলমারী থানার এসআই মো. গিয়াস উদ্দীন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রেজাউল ফকিরের নেতৃত্বে একদল লোক উপজেলার খিলিগাতি বাজারের মাছের খাবার বিক্রেতা রুবেল হাওলাদারকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।