চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত আব্দুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্যদের বিচার প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতে উদীচীর পক্ষ থেকে বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার। তারা বলেন, একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ, নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তর করাসহ জঘন্য সব অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পরও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গত তিনদিন ধরে দেশব্যাপী নৈরাজ্য চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবির। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার অবমাননা ছাড়াও ৫২’র ভাষা আন্দোলনের স্মৃতিফলক শহীদ মিনার ভাংচুরের মতো বে-আইনি ও অন্যায় কাজ করতেও পিছপা হয়নি স্বাধীনতাবিরোধী অপশক্তি। এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কার্পেটে আগুন দেয়া ও ভবনে ভাংচুর চালাতেও দ্বিধা করেনি ধর্মের মুখোশধারী জামায়াত-শিবির।
জামায়াত-শিবিরের এহেন ধ্বংসযজ্ঞ চলা সত্ত্বেও তাদের অন্যতম রাজনৈতিক শরিক, দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি তাদের পক্ষে অবস্থান নেয়ায় হতাশা ব্যক্ত করেন উদীচী সভাপতি ও সাধারণ সম্পাদক।
