আজ রবিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে জামায়াত ও বিএনপির ৬০ ঘণ্টার লাগাতার হরতাল। এর মধ্যে আজ ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত জামায়াত হরতাল আহ্বান করেছে। যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত এই হরতালের ডাক দেয়। অপরদিকে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবার সাংবাদিক সম্মেলনে ‘সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার’ প্রতিবাদে মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে পরদিন তিনি এই হরতাল ঘোষণা দেন।
বিরোধীদলের এই হরতালকে কেন্দ্র করে যাতে নৈরাজ্য সৃষ্টি না হয় সেজন্য সরকার রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল জনগণকে সাথে নিয়ে হরতাল কর্মসূচি প্রতিহত করারও ঘোষণা দিয়েছে। গতকাল রাজধানীতে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
