টানা হরতালে এসএসসি পরীক্ষা পিছিয়েছে

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৫৯
জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা হরতালের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্থগিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও। আজ ৩ মার্চ রবিবারের পরীক্ষা আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৫ মার্চ মঙ্গলবারের সকাল ও বিকালের পরীক্ষাগুলো আগামী ৬ মার্চ বুধবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আজ রবিবার এসএসসি উচ্চতর গণিত (তত্ত্বীয়), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চতর গণিত-২, হিসাববিজ্ঞান-২ (সৃজনশীল), বাণিজ্যিক ভূগোল-২ (সৃজনশীল) এবং কৃষিশিক্ষা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। মঙ্গলবার ৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়) এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়) ও চারু এবং কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার দাখিল রসায়ন বিজ্ঞান (তত্ত্বীয়) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল আরবি-২ পরীক্ষা ছিল। এর আগে হরতালের কারণে এবারের এসএসসি ও সমমানের তিনটি পরীক্ষা পিছানো হয়। এ নিয়ে পাঁচটি পরীক্ষা পিছানো হল। জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মার্চের ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা এবং ৫ মার্চ তারিখের ২০১০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা দুটি আগামী ৯ মার্চ শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ সকল পরীক্ষার পূর্বঘোষিত অন্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট এসআই (নিঃ) পুরুষ ও মহিলা পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও অ্যাপটিচিউড পরীক্ষা পিছিয়েছে। আজ ৩ মার্চের পরীক্ষা ১৪ মার্চ, ৪ মার্চের পরীক্ষা ১৮ মার্চ, ৫ মার্চের পরীক্ষা ১৯ মার্চ এবং ৬ মার্চের পরীক্ষা ২০ মার্চ অনুষ্ঠিত হবে।