রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:০৯
উপজেলার ব্রম্মউত্তর গ্রামের পূর্ব বিলে ইউপি চেয়ারম্যান রহিমউদ্দিন চৌধুরীর উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে এক কিলোমিটার দৈর্ঘ্য একটি সড়ক। গ্রামের বিশিষ্ট সমাজসেবকের নামে এ সড়কের নামকরণ করা হয়েছে আমির হামজা সড়ক। ব্রম্মউত্তর বড় মাদ্রাসা থেকে বরমা খাল পর্যন্ত ১ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণে গ্রামের মানুষ স্বেচ্ছায় শ্রম দেন। স্থানীয় বিত্তবানদের সহয়তাসহ ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে স্বেচ্ছাশ্রমিকদের উত্সাহ যোগাতে সম্মানী প্রদান করা হয় প্রায় এক লক্ষ টাকা। এলাকার কৃষি উন্নয়নে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। ফলে এলাকার কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। উল্লেখ্য, বিখ্যাত গুমাই বিলের উত্তরাংশে উপজেলার ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রম্মউত্তর গ্রামের ৯৫ ভাগ মানুষই কৃষিজীবী। এই বিলে ৫ শতাধিক একর জমিতে দু’ফসলা ধান চাষাবাদ হয়ে থাকে। কিন্তু একটি সড়কের অভাবে এই বিলে কৃষকের যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্ভোগের । ইতিপূর্বে কৃষকের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের আমলে আসেনি। ফলে অবহেলিত অবস্থায় বিলে চাষাবাদে অন্তহীন ভোগান্তি পোহায়ে আসছিল কৃষক। গ্রামের কৃষক আব্দুল কাদের , মোহাম্মদ ইলিয়াছ, আহমদ সৈয়দ, ইব্রাহিমসহ অনেকে জানান, সড়ক নির্মাণে পদক্ষেপ গ্রহণে খুশি ব্রম্মউত্তর গ্রামের কৃষক । সড়কটি নির্মিত হওয়ায় এলাকার কৃষি এবং কৃষকের অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। চলতি বোরো মৌসুম হতে কৃষকেরা এ সড়কের সুফল পেতে শুরু করেছে। বিলে যাতায়াতে ভোগান্তি লাঘবের পাশাপাশি চাষাবাদে ব্যাপক সাফল্য ও আর্থিক অবস্থার উন্নয়নের আশা করছে কৃষক।