পটুয়াখালী বিএনপিতে বিভক্তি

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২১:০৩
কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে পটুয়াখালী জেলা বিএনপি’র বিরোধ এখন তুঙ্গে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে দলের মধ্যে চলে আসছে প্রকাশ্য গ্রুপিং। তারা পালন করে আসছেন পাল্টা-পাল্টি দলীয় কর্মসূচি। জেলা বিএনপি’র সভাপতি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ রব মিয়ার নেতৃত্বাধীন জেলা বিএনপি বর্ধিত সভা করে গত বুধবার সকালে। অন্যদিকে বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে বিএনপি’র অপর একটি অংশ সংবাদ সম্মেলন করে ঐ বর্ধিত সভাকে প্রহসনমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। এ অবস্থায় জেলা বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা যায়, শেরেবাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় বুধবার সকালে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রব মিয়া। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান খান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপি নেতা পৌর বিএনপি সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না প্রমুখ। আগামী ১৯ মার্চের জাতীয় সম্মেলন সফল করতে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয় বলে দলীয়ভাবে জানানো হয়। একইদিন বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি। তারা লিখিত বক্তব্যে এই বর্ধিত সভাকে প্রহসনের বর্ধিত সভা আখ্যায়িত করে বলেন, ২০১২ সালের ৫ জানুয়ারি জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে একটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ এক বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়ে বর্ধিত সভা আহবানকারীরা এখন সংগঠনকে দিধা-বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌফিক আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।