ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৫৩৯ জন রোগীর কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। কিডনি প্রতিস্থাপনকৃত রোগীদের ৯৫ শতাংশ কমপক্ষে ১ বছর, ৮২ শতাংশ কমপক্ষে ৫ বছর এবং ৭৮ শতাংশ কমপক্ষে ১০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন বা বেঁচে রয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। গতকাল শনিবার ইপনা অডিটোরিয়ামে কিডনি বিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, রোবটিক সার্জারি এখন সময়েরই দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে রোবটিক সার্জারি চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম। ‘প্রোসপেক্ট অফ রেনাল ট্রান্সপ্ল্যানটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। রোবটিক সার্জারি এবং জন্মগত ত্রুটিসহ বিভিন্ন জটিল সমস্যায় আক্রান্ত যৌনাঙ্গের চিকিত্সা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ককিলাবেন দিরুবাই আম্বানি হসপিটাল এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর ইউরোলজিস্ট ডা. সঞ্জয় পান্ডে। সঞ্চালনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. কার্তিক চন্দ্র ঘোষ।
