ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি অনুষ্ঠিত হলো রবিবার। পাশাপাশি এ বছর উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেনের ১৫০তম জন্মজয়ন্তীর বছর। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এ দুটি উপলক্ষকে একত্রে উদযাপনের আয়োজন করেছিল। গত রবিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আরো বক্তব্য রাখেন হাশেম সূফী, হীরালাল সেনের জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াত্, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র গবেষক ও নির্মাতা স্বজন মাঝি। সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি। আলোচনার পর ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে ও দেশে ক্রিয়াশীল চলচ্চিত্র সংসদসমূহের আয়োজনে ২০১৭ সালে বছরব্যাপী আয়োজিত ৪টি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ এর প্রায় ২শ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। আয়োজনের শেষ পর্যায়ে ছিল অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী ও চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘ভূমিকম্পের পরে’ এর বিশেষ প্রদর্শনী।
মঞ্চস্থ হলো ‘শেষ সংলাপ’: সময় নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘শেষ সংলাপ’ মঞ্চস্থ হলো গতকাল। সোমবার সন্ধ্যায় নাটকটির আশিতম মঞ্চায়ন অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মিশরীয় নাট্যকার তাওফীক আল হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম, ঈশিতা চাকী, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, ফখরুল ইসলাম, তোফায়েল সরকার প্রমুখ।
নবান্ন উত্সব উদযাপন: সোমবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ ‘নবান্ন উত্সব উদযাপন উপলক্ষে’ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।
